পূবাইলে ব্যাটারির গুদামে হানা, ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৫৩
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ব্যাটারির গুদামের দুটি গেট খুলে ১১৯টি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া এসব ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাহাথীর ভূইয়া। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহাথীর ভূইয়া জানান, পূবাইলের মীরের বাজারে তার একটি ব্যাটারির দোকান রয়েছে। দোকানের ব্যাটারিগুলো তিনি নারায়ণকুল এলাকায় নিজের বাড়ির একটি গুদামে সংরক্ষণ করে রাখতেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুদামের মালামাল দেখাশোনা করে তিনি ঘুমাতে যান।

পরদিন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গুদামে গিয়ে তিনি দেখতে পান, গুদামের দুটি গেট খোলা। পরে ভেতরে প্রবেশ করে ব্যাটারিগুলো চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তাঁর অভিযোগ, গুদামে রাখা ৩১টি নতুন ছোট আকারের, ২১টি নতুন মাঝারি আকারের, ৪৯টি নতুন বড় আকারের এবং ১৮টি পুরোনো ব্যাটারি চুরি হয়েছে। সব মিলিয়ে ১১৯টি ব্যাটারি খোয়া গেছে।

ভুক্তভোগীর দাবি, পাশের কামাল ট্রেডার্স ফ্যাক্টরির সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে একটি নীল রঙের টাটা পিকআপ গুদামের সামনে এসে থামে। এরপর অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গুদামে প্রবেশ করে ব্যাটারিগুলো পিকআপে তুলে নেয়। পরে রাত আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে পিকআপটি ঘটনাস্থল ত্যাগ করে।

মাহাথীর ভূইয়া জানান, চুরি যাওয়া ১১৯টি ব্যাটারির আনুমানিক মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় তিনি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হঠাৎ ঝড়ে লন্ডভন্ড জামালপুর, বন্ধ সড়ক যোগাযোগ
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
সাবেক ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল, শুক্রবার রাজারবাগে জানাজা
সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন