সনদ স্বাক্ষর অনুষ্ঠান: সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, নতুন কর্মসূচি জুলাই যোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:১৮| আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
অ- অ+

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা থানায় চারটি মামলা হয়েছে। এছাড়া এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। শনিবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।

তিনি বলেন, গতকালের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, অপরগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছে।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়—যার মধ্যে রয়েছে জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রদান। একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

তবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের স্থানত্যাগের অনুরোধ জানায়, কিন্তু অনুরোধ অমান্য করায় তর্ক-বিতর্কের মধ্যে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন পুলিশ সদস্য ও ৩০ জন জুলাই যোদ্ধা আহত হন।

এদিকে, এই ঘটনাকে ‘পুলিশি হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনটি তিন দফা দাবি বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী