ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

চলতি নারী বিশ্বকাপ আসরে শুরু থেকেই দারুণ খেলে আসছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এবার ইল্যান্ডকে বিদায় করে দারুণ এক জয়ে ফাইনালে পৌঁছে গেলেন তারা। এর আগে তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। কিন্তু প্রতিবারই হেরে বিদায় নিতে হয়েছে ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে।
অবশেষে ফুরোচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দীর্ঘ অপেক্ষা। ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত কিংবা অস্ট্রেলিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লরা উলভার্টের বিশাল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ১৪৩ বলে ২০ চার আর ৪ ছক্কায় খেলেন ১৬৯ রানের ইনিংস।
বাকিরা কেউ ফিফটিও করতে পারেননি। তাজমিন ব্রিটস ৪৫ আর মারিজান ক্যাপ ৪২ রানের ইনিংস খেলেন। শেষদিকে ২৬ বলে অপরাজিত ৩৩ করেন ক্লো টাইরন।
ইংল্যান্ডের সফি একলেস্টন ৪৪ রানে নেন ৪টি উইকেট।
৩২০ রানের লক্ষ্যে নেমে ১ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। এরপর অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট ৬৪, এলিস কাপসে ৫০ আর ড্যানি ওয়াট ৩৪ করলেও দুইশর ঘর ছুঁতে পারেনি ইংলিশরা। ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় দলটি।
মারিজান কেপ ২০ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট।
(ঢাকাটাইমস/৩০অক্টোবর/আরকে)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































