সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকেও উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন বাগেরহাটের শরণখোলার সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দাকোপ থানার বাইনতলা খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের আস্তানাও ধ্বংস করা হয়।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় জোনাব বাহিনীর কবল থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। গত ৩১ মার্চ ওই জেলেদের একটি নৌকাসহ জিম্মি করে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।
বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথভাবে অভিযান চালিয়ে জিম্মি অবস্থা থেকে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) নামের তিন জেলেকে উদ্ধার করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, গোলাবারুদ, ওয়াকিটকি চার্জার, মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংস্থাটি আরও জানায়, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে বিভিন্ন বাহিনীর ৬১ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































