শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন এ ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন ও বাছাই থেকে শুরু করে লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক। সংস্থাটি বলছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে প্রদর্শনের জন্য বিমানবন্দরে ‘লাইভ মনিটরিং স্ক্রিন’ স্থাপনের নির্দেশনা দেন তিনি।

এর প্রায় দেড় মাস পর লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপনের তথ্য জানাল বেবিচক।

সংস্থাটি জানায়, নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া স্থাপিত মনিটরে দেখা যাবে।

বেবিচকের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে যাত্রীরা লাগেজ পরিবহনের কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে লাগেজ সংগ্রহের বিভিন্ন ধাপে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবার সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

বেবিচকের মতে, লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্যারিসে বাংলাদেশিদের ৮ প্রতিষ্ঠানে হামলা-লুট, নিরাপত্তাহীনতায় প্রবাসী ব্যবসায়ীরা
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান