পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৪:২৪
অ- অ+

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে খুজদার ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। আজ শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে এ ভূমিকম্প হয়।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অগভীর হওয়ায় খুজদার এবং পার্শ্ববর্তী খারান ও কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়।

বেলুচিস্তানের প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে খুজদার ও আশপাশের গ্রামীণ এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের কম গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে অগভীর ভূমিকম্প বলা হয়। এ ধরনের ভূমিকম্পের কম্পন ভূপৃষ্ঠে তুলনামূলক বেশি তীব্রভাবে অনুভূত হতে পারে। ফলে দুর্বল ও মাটির তৈরি ভবনে ফাটল কিংবা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।

উল্লেখ্য, প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভারতীয়, ইউরেশীয় ও আরবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।

বিশেষজ্ঞদের মতে, টেকটোনিক প্লেটগুলোর পারস্পরিক নড়াচড়া ও ভূত্বকের চ্যুতির কারণে এ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তাই ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোলে মুরগিবাহী ভ্যান থেকে পিস্তল-গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ