ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, এই সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত ইরাকের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধের কারণে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইরাক।
ইরাক সরকার সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাব শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর ফলে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবার দাম বেড়ে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
ইরাকের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা আরও বাড়বে। এতে আঞ্চলিক অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিও চাপে পড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












