উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আজও সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান না পাওয়ায় তাঁরা সড়কে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যাননি।
এদিকে বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ওই সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।
শ্রমিকদের অবরোধের কারণে উত্তরার আজমপুর ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













