সৌদি বিমানবন্দরে হামলার পর মার্কিন কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ

সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সরকারি কর্মীদের চলাচলে নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের এখন থেকে চিফ অব মিশনের বিশেষ অনুমতি নিতে হবে।
দূতাবাসের জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটার ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। একই সঙ্গে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
নতুন বিধিনিষেধে ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে ভ্রমণের ক্ষেত্রেও আলাদা অনুমতি নিতে হবে তাঁদের।
সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের দূতাবাসের এই পদক্ষেপ দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রতিফলন। বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার মধ্যে মার্কিন সরকারি কর্মীদের চলাচল নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












