সৌদিতে আরামকোর প্রধান কার্যালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮
অ- অ+

সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর ধাহরান প্রধান কার্যালয় এবং রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলায় আরামকোর প্রধান কার্যালয়ের একটি ভবনে আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিবেদনে জানানো হয়, ধাহরানে আরামকোর স্থাপনার পাশাপাশি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ধাহরানে আরামকোর একটি ভবনে আঘাতের পর সেখানে সীমিত আকারে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে আরামকোর দুজন কর্মী জানিয়েছেন, গভীর রাতে প্রতিষ্ঠানটির ধাহরান প্রধান কার্যালয়ের একটি টাওয়ারে হামলা হয়। এতে ভবনটির ওপরের তিনটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেন তাঁরা। তবে ক্ষয়ক্ষতির এই বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে।

সম্প্রতি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। তবে হতাহতের এ তথ্য স্বাধীন সূত্রে যাচাই করা প্রয়োজন।

নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রস্তাবিত ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্টও স্থগিতের খবর দেওয়া হয়েছে।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে সৌদি আরবের নিরাপত্তা এবং জাহাজ চলাচলের স্বাধীনতার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না।

এদিকে, হুথিদের হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা বিমান হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্রমবর্ধমান হামলা ও পাল্টা হামলার ঘটনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক জাহাজ চলাচলেও এর প্রভাব পড়তে পারে।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From the Partition of Bengal to Independent Bangladesh
খাদ্যমন্ত্রীকে না জানিয়ে সরকারি সফর, এপিএসকে অব্যাহতি
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
হুথিদের হামলার চাপে সৌদি আরব, মার্কিন অস্ত্রেও মিলছে না পূর্ণ নিরাপত্তা