সেভেন-আপে মানহীন উপাদান
ট্রান্সকম এমডি সিমিন রহমানকে ১৬ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ

মানহীন ও অনিরাপদ উপাদান পাওয়ার অভিযোগে কোমল পানীয় ‘সেভেন-আপ’ (ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজ)-এর প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ মামলায় সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত।
বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালতে এ নালিশি মামলা দায়ের করেন।
মামলার নথি ও ল্যাব টেস্টের ফলাফল অনুযায়ী, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মান (বিডিএস ১১২৩:২০২২) অনুযায়ী পানীয়টির রাসায়নিক পরীক্ষায় নির্ধারিত ছয়টি প্যারামিটারের মধ্যে তিনটিতেই অকৃতকার্য হয়েছে পণ্যটি।
পরীক্ষায় পণ্যটিতে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত রাসায়নিক উপাদান পাওয়া গেছে এবং সুগার কনটেন্টের মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ফলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী পানীয়টি ‘নিরাপদ নয়’ এবং ‘মানসম্পন্ন নয়’ হিসেবে প্রতীয়মান হয়েছে।
এছাড়া মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা ২০১৭ ও পণ্য মোড়কজাতকরণ বিধিমালা ২০২১ লঙ্ঘন করার অভিযোগও আনা হয়েছে মামলায়। নথিতে উল্লেখ করা হয়, পণ্যের লেবেলে নন-নিউট্রিটিভ সুইটনার ব্যবহারের তথ্য খালি চোখে সহজে দৃশ্যমান নয় এবং ছোট হরফে লিখে ভোক্তাদের বিভ্রান্ত করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পানীয়টি গ্রহণের ফলে শিশুসহ সব বয়সী মানুষের শরীরে দীর্ঘমেয়াদি জটিল রোগ সৃষ্টির ঝুঁকি রয়েছে। এ কারণে বাজার থেকে সংশ্লিষ্ট ব্যাচের সেভেন-আপের সব বোতল প্রত্যাহারেরও আবেদন জানানো হয়েছে আদালতে। আদালত মামলাটি আমলে নিয়ে ট্রান্সকমের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানকে আগামী ১৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













