পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। পৃথক দুটি ধারায় আসামিদের এ সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বরাদ্দ দেওয়া দুটি প্লট বাতিলের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লটগ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজও এ মামলায় দণ্ডিত হয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করেন এবং প্রতারণার আশ্রয় নেন। জামানত প্রত্যাহার করে নেওয়ার পরও আবেদন বাতিল হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে দুই ব্যক্তিকে মোট ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামিম হোসেন।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













