গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংসের বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে এ দাম নিশ্চিত করার দাবি জানানো হয়েছে নোটিশে।
রবিবার আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই উচ্চমূল্যের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে বিশেষ করে শিশুদের প্রোটিনের ঘাটতি ও পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজার থেকে গরুর মাংসের উন্মুক্ত বাণিজ্যিক আমদানি নিশ্চিত করা গেলে দেশে প্রতি কেজি মাংসের দাম প্রায় ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব। এতে খাদ্য মূল্যস্ফীতি কমার পাশাপাশি শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে বলেও দাবি করা হয়েছে।
আইনি নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল হিমায়িত বা শীতলীকৃত মাংস আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













