সৌদি আরবে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে: শামা ওবায়েদ

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের চালানো হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আহত চার বাংলাদেশি বর্তমানে কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। রিয়াদস্থ বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।
রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
শামা ওবায়েদ জানান, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের নিজ নিজ গ্রামের বাড়ি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার সমস্ত খরচ সরকার বহন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে সৌদি কর্তৃপক্ষ ও নিহতদের নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করবে।প্রতিমন্ত্রী আরও জানান, চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতে এর আগে সৌদিতে হুতিদের হামলায় নিহত একজনসহ মোট ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘এই যুদ্ধে আমরা আর কোনো রেমিট্যান্স যোদ্ধাকে হারাতে চাই না।’ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি অবিলম্বে এই যুদ্ধ ও বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্দেশ দিয়েছেন। রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি উড়োজাহাজ বা ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। পাশাপাশি বেসামরিক নাগরিক ও অবকাঠামো সুরক্ষার পাশাপাশি কূটনীতি ও আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের ওপর জোর দেওয়া হয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয় সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে এই মর্মান্তিক হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাসরুল্লাহ বদরপুরি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













