রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের চালানো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বাংলাদেশ সরকার এ হামলার ‘দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা’ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোয় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
এ ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে রিয়াদ বিমানবন্দরে এটি হুথিদের তৃতীয় হামলা। ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থল অভিযানে সহায়তা দিতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












