রিয়াদে ভয়াবহ হামলায় তীব্র নিন্দা জানালেন ট্রাম্প, হুথিদের বিরুদ্ধে অভিযানে নামতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ‘ভয়াবহ ঘটনা’ আখ্যা দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
শনিবার গভীর রাতে রিয়াদ বিমানবন্দরে হামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এইমাত্র সাম্প্রতিক হামলার তথ্য পেয়েছি। তাই এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা অত্যন্ত দ্রুত পদক্ষেপ গ্রহণ করি।’
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) বরাতে জানা গেছে, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৩০৯ জন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনারও কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। সে সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘বিষয়টি মোটেও ভালো নয় এবং এতে আমি একেবারেই সন্তুষ্ট নই।’
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান চলার মধ্যেই রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটল। হামলার পর বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে যুক্ত হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











