ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হালনাগাদ তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।
প্রতিরক্ষা দপ্তরের হতাহতের তথ্যব্যবস্থা ডিসিএএসের হিসাবে, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের তথ্য নথিভুক্ত করা হয়েছে। আগের হিসাবের তুলনায় নিহত সেনাসদস্যের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।
পেন্টাগনের তথ্যমতে, নিহতদের মধ্যে সরাসরি যুদ্ধের সময় প্রাণ হারানো সেনাসদস্যদের পাশাপাশি ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় নিহত ব্যক্তিরাও রয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, ৭ জুলাইয়ের পরের কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় হতাহতের হিসাব থেকে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। এতে সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি ও আহতের সংখ্যা নির্ধারণ জটিল হয়ে পড়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের হিসাবে, ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৮ সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন। সব মিলিয়ে তখন সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮ জন।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











