বিক্ষোভের সময় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১২:০৭
অ- অ+

ভারতের দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে তাঁর বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দিল্লির জন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে ধ্রুব রাঠির বাসায় পুলিশের একাধিক দল পৌঁছায়। বিক্ষোভে অংশ না নিতে তাঁকে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন গুরুগ্রাম পুলিশের এক কর্মকর্তা। তবে তিনি সেই অনুরোধে সাড়া না দেওয়ায় তাঁকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে এ বিক্ষোভের পরিকল্পনা করা হয়।

তবে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভে যোগ দিতে আসা কয়েক শ ব্যক্তিকে আটক বা বিভিন্নভাবে বাধা দেওয়ার খবরও পাওয়া গেছে।

বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেট।

এ ছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন কয়েকটি দূরপাল্লার ও স্থানীয় ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। এসব পদক্ষেপের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বিক্ষোভের আয়োজক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, বিধিনিষেধ সত্ত্বেও তাঁদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা জন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।

তিনি প্রশ্ন তুলেছেন, একদিকে বিক্ষোভের কারণে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে, অন্যদিকে মেট্রো, ট্রেন ও সড়কে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে—এতে সাধারণ মানুষের অসুবিধা হবে না কি?

নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিজেপির অভিজিৎ দীপকসহ তিন নেতাকে বিমানে উঠে আটক করল পুলিশ, উত্তপ্ত দিল্লি
যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি ও বোমা হামলার হুমকি, মঞ্চে ওঠা হলো না গায়িকা এলা ল্যাংলির
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সুশাসন, দক্ষতা ও উৎপাদনশীলতায় বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন