যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি ও বোমা হামলার হুমকি, মঞ্চে ওঠা হলো না গায়িকা এলা ল্যাংলির

নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলির কনসার্ট বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে ১৯ হাজার দর্শক ধারণক্ষমতার বিওকে সেন্টারে কনসার্টটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। খবর বিবিসি’র।
প্রতিবেদন অনুযায়ী, কনসার্ট শুরুর প্রায় দুই ঘণ্টা আগে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭ বছর বয়সী এলা ল্যাংলি এ সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্য রকম কঠিন’ বলে বর্ণনা করেছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাওয়া হুমকিটি তাঁর ভক্ত, অনুষ্ঠানস্থলের কর্মী এবং নিজের দলের সদস্যদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই কনসার্ট বাতিল করতে হয়েছে বলে জানান তিনি।
তুলসা পুলিশ বিভাগের ক্যাপ্টেন রিচার্ড মিউলেনবার্গ জানান, এক ব্যক্তি ফোন করে ওই অনুষ্ঠানে গুলি চালানো ও বোমা বিস্ফোরণের হুমকি দেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, অনুষ্ঠান শুরুর আগে এলা ল্যাংলির দলের সদস্যরা বিওকে সেন্টারে কয়েক দফা তল্লাশি চালান। তবে তখন কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি। পরে ফোনে হুমকি পাওয়ার পর প্রশিক্ষিত কুকুরসহ পুলিশ সদস্যরা অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আবারও তল্লাশি চালান। তবে কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ মেলেনি বলে জানান তিনি।
মিউলেনবার্গ বলেন, হুমকির কারণে হাজারো ভক্তের জন্য নির্ধারিত পুরো অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।
কনসার্ট বাতিলের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি এলা ল্যাংলি। তবে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, টিকিটের মূল্য ফেরত দেওয়ার বিষয়ে যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।
অনুষ্ঠানস্থল বিওকে সেন্টারও এ বিষয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুস্থতা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় ভক্তরা হতাশ হবেন, তা বুঝতে পেরে তাঁদের কাছে ক্ষমাও চেয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি নিজের গানের সাফল্যের কারণে আলোচনায় রয়েছেন এলা ল্যাংলি। গত সেপ্টেম্বরে তাঁর জনপ্রিয় কান্ট্রি গান ‘চুজিন টেক্সাস’ যুক্তরাষ্ট্রের সংগীত তালিকায় নতুন রেকর্ড গড়ে। গানটি মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সংগীত তালিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বরে থাকার রেকর্ড গড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত মে মাসে একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসে একাধিক পুরস্কার জিতে আবারও আলোচনায় আসেন আলাবামায় জন্ম নেওয়া এই গায়িকা।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











