দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৫:০৬| আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:১৪
অ- অ+

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ও ধরপাকড়ের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশ আটক করেছে। আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসার পর তাঁকে ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয়েছে। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে।

আজ শনিবার সকালে সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা।

দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না থেকে সরে যেতে বলে। দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে বলে জানানো হয়। তবে পুলিশি নির্দেশের পরও তাঁরা ধর্না চালিয়ে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর তাঁদের আটক করে বাসে করে নিয়ে যাওয়া হয় বলে ওই সূত্রের দাবি।

এদিকে, ভারতের কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও দিল্লিতে আটক করেছে পুলিশ। শনিবার সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে নেওয়া হয়।

কেরালার সিপিআই(এম) নেতা ও রাজ্যসভার সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালসহ আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে আসা একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পর তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে।

এ ছাড়া সিজেপির বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করছে সিজেপি ও বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনকে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে।

দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি না দেওয়ায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভে যোগ দিতে আসা বহু মানুষকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
জামালপুরে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত
রাজশাহী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর নগর: ভূমিমন্ত্রী                        
লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু