কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৩:৪৪
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গিয়েছিলেন সাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি লাগে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার অংশ হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।

ঘটনার পর ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ তথ্য বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকার বিভিন্ন মোড় অবরোধ
জ্ঞানেশ কুমারকে রক্ষায় দিল্লিকে ‘সামরিক ঘাঁটি’ বানানোর অভিযোগ আপের
তানজিদের ঝোড়ো ফিফটি, সাদমান-লিটনের ব্যাটে ৩৪৬ রানে থামল বাংলাদেশ
ইউনাইটেড গ্রুপসহ ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি