সৌদি রুটে বিমানের দুই ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে যেতে নিষেধ

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে অনিবার্য কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০।
এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এ ঘটনায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












