৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পেলেন না, ক্ষোভ ট্রাম্পের

বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সাফল্যের দাবিও করেছেন তিনি। তবে এত কিছুর পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি ইতিমধ্যে আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন। আরও দুটি যুদ্ধের অবসান ঘটানো বা সেগুলোর সমাধানে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের দাবি, ইসরায়েলের জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত জিম্মিকে মুক্ত করে তাঁদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
নিজের সাফল্যের তালিকায় ভেনেজুয়েলার প্রসঙ্গও উল্লেখ করেন ট্রাম্প। দেশটিতে যুদ্ধে জয়ী হওয়া এবং সেখানকার শাসককে আটক করার দাবি করেন তিনি। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টিও নিজের সাফল্য হিসেবে তুলে ধরেন। ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এসব সাফল্যের দাবি সত্ত্বেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তাঁর বক্তব্য, এত কিছু করার পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র—কেউই এই পুরস্কার পাননি।
পোস্টের শেষাংশে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প লেখেন, ‘বাহ!’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













