প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

প্রেমের কোনো ভৌগোলিক সীমানা কিংবা ধর্মের দেয়াল থাকে না—তা আবারও প্রমাণ করলেন ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকা (৩৮)। সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। কনে শান্তিনা জাহান সিমি (২৮) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার ৫ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিনল্যান্ডে বসবাসকারী শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। উভয় পরিবারের সম্মতিতেই মিকা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
বিয়ে উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে অনুমতি সনদ সংগ্রহ করেন মিকা। এরপর ২ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। ওই দিনই স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন এবং জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম রাখেন ‘মিকাইল’। পরবর্তীতে ধর্মীয় শরিয়াহ ও রাষ্ট্রীয় আইন মেনে নিবন্ধিত কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল শান্তিনার ৫ বছরের সন্তানকেও নিজ সন্তান হিসেবে গ্রহণ করেছেন।
নবদম্পতি জানান, তারা বর্তমানে অত্যন্ত সুখে আছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন এবং সেখান থেকে শান্তিনা ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিনল্যান্ডে নিয়ে যাবেন। শান্তিনার বাবা রফিকুল ইসলাম মেয়ের এই নতুন সূচনায় সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কোনো বিদেশি নাগরিক এলাকায় এসে বিয়ে করার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।
(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












