কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৭
অ- অ+

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

এ ঘটনায় বিমানবন্দরের রানওয়েতে প্রায় আধা ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

আজ শনিবার বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করার জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। সাময়িকভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়েছিল। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। তবে উড়োজাহাজটির চাকা কী কারণে বিচ্ছিন্ন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রেনের ধাক্কায় খুলনার যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
সিজেপি নেতারা আটক, এরপর দিল্লির রাস্তায় নামলেন যারা