সারজিসের ছবি ঘিরে আলোচনা, প্রশ্ন তুললেন মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুলেছেন মডেল, অভিনেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেত্রী মেঘনা আলম। ছবিটি বাস্তব, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা জানতে চাওয়ার পাশাপাশি তিনি লিখেছেন, ‘মতলব কী?’ তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
শনিবার মেঘনা আলম নিজের ফেসবুক পোস্টে ছবিটি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে আছেন সারজিস আলম। তাঁর হাতে রয়েছে প্রভোস্ট অ্যাওয়ার্ডের একটি ক্রেস্ট। ছবির পেছনে থাকা নামফলকে ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও দেখা যাচ্ছে।
ছবিটি পোস্ট করে মেঘনা আলম ক্যাপশনে লেখেন, ‘কে এটা? মতলব কী? রিয়াল নাকি এআই??’
তবে সারজিস আলমের ছবিটি পোস্ট করে এমন প্রশ্ন তোলার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি মেঘনা আলম। তাঁর পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সারজিসের অতীত ছাত্ররাজনীতি এবং শেখ হাসিনার রাজনীতি নিয়ে তাঁর একসময়ের অবস্থানের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যের সত্যতা কিংবা ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মেঘনা আলম বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। টেলিভিশনের টকশো ও রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি রাজনীতিতে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন তিনি।
অন্যদিকে, সারজিস আলম ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













