ধরপাকড়ে দমেনি সিজেপি, নতুন কর্মসূচি ঘোষণা

দিল্লিতে ব্যাপক ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবারের কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পর রবিবার আবারও যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন দলটির নেতা অজিঙ্ক শিন্ডে।
সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শিন্ডে অভিযোগ করেন, মোদি সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে। আন্দোলনকারীরা আবার ঐক্যবদ্ধ হলে সরকারের ক্ষমতা টলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে শিন্ডে লেখেন, কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব।
একই পোস্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেন তিনি।
এর আগে শনিবার দিল্লির যন্তর মন্তরকেন্দ্রিক বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয় এবং বিক্ষোভে অংশ নিতে যাওয়া বহু মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি না থাকার কথা বলা হলেও আন্দোলনকারীরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের দাবিতে অনড় রয়েছেন।
এদিকে, সিজেপি নেতার নতুন কর্মসূচি ঘোষণার পর রোববার দিল্লিতে আবারও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কর্মসূচির অনুমতি, পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারীদের জমায়েতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।
নির্বাচন কমিশন নিয়ে বিরোধীদের অভিযোগ এবং সরকারের অবস্থানকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












