মাহাবুব ও রবিন গ্রুপের নামে গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ২০:২৩| আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২০:২৪
অ- অ+

রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে সোসাইটি অফিসে ঢুকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।

রবিবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

গুলশান থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান আবাসিক এলাকায় গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে গুলশান সোসাইটি। সম্প্রতি ‘মাহাবুব ও রবিন গ্রুপের’ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিচ্ছিলেন। এ ছাড়া ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় গুলশান থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
অন্যায় ও  জুলুমের প্রতিবাদ হিসেবে দাঁড়িপাল্লাকে জয়ী করতে হবে: রাশেদ প্রধান
চলে গেলেন ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান
শৈলকুপায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত