তেজগাঁওয়ে নতুন ট্রাফিক সদস্যদের ওরিয়েন্টেশন কোর্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগে নবযোগদানকৃত ট্রাফিক সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার লক্ষ্যে এ কোর্সের আয়োজন করা হয়।
প্রথম পালায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ট্রাফিক তেজগাঁও বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় পালায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বসিলা ট্রেনিং সেন্টারে কোর্সটি অনুষ্ঠিত হয়।
কোর্সের উদ্বোধন করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি নবযোগদানকৃত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বিভাগের বিভিন্ন ট্রাফিক জোন, গুরুত্বপূর্ণ সড়ক এবং সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে সদস্যদের ধারণা দেন।
দ্বিতীয় পালায় সদস্যদের দিকনির্দেশনা দেন ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানিয়া সুলতানা, পিপিএম। এ ছাড়া ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্ব পালনের কৌশল, শৃঙ্খলা এবং পেশাগত আচরণ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আয়োজকদের মতে, এ ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নবযোগদানকৃত ট্রাফিক সদস্যদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব ট্রাফিক পুলিশিংয়ের মাধ্যমে আধুনিক ও সময়োপযোগী ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












