মরিয়মের মৃত্যু: ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫২
অ- অ+

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই মামলায় গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত। ওই শুনানিতে আসামিপক্ষ থেকে মরিয়মের পরিবারের সঙ্গে আপসের কথা জানিয়ে একটি আপসনামা আদালতে উপস্থাপন করা হয়। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে বলে, আত্মহত্যার প্ররোচনার এ মামলা আপসের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই।

আগের শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেছিলেন, ১৯ বছর বয়সী মরিয়মকে প্রলুব্ধ করে বিয়ে করার অভিযোগ রয়েছে। সংসদ সদস্যের বাসায় তার হেফাজতে থাকা অবস্থায় মরিয়মের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আপসনামা বা এফিডেভিট বিবেচনায় নিয়ে জামিন দেওয়া হলে সমাজে আইনের প্রতি বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ এর আগে জানিয়েছিলেন, তিনি মেয়ের মৃত্যুর বিচার চান। তবে পারিবারিক সম্পর্ক ঠিক রাখার জন্য আপসনামায় স্বাক্ষর করেছেন। মরিয়মের মৃত্যুর ঘটনায় তিনি তার শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে বেশি দায়ী করেন বলেও জানিয়েছিলেন।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের বিপরীতে নায়েম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে: মিয়া গোলাম পরওয়ার
শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ও হীরা জব্দ
ভারতে পালিয়ে যাওয়ার দুই বছর পর দেশে ফিরল রোটনের মরদেহ
সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি