গ্রামীণ সড়ক টেকসই করতে ঠিকাদারদের তিন বছরের দায়বদ্ধতার প্রস্তাব সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৬:৫৭
অ- অ+

গ্রামীণ সড়ক নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের সুপারিশ করা হয়েছে।

রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়া সরকারের বিগত ১৮০ দিনে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণে গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে তদারকি জোরদারের কথা বলা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

অনলাইন হাজিরা ও প্রকল্পের দুর্নীতি তদন্তের সুপারিশ

বৈঠকে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।

এ ছাড়া বিগত সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ এবং আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান তিনি।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিবদ্বয়, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন
অবকাঠামো সংকটে জাবিপ্রবি ব্যাহত শিক্ষা, অপেক্ষায় প্রকল্প
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
চাঁদপুরে মাদকসহ ২০ জন ও কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক