২০২৭ সালে পবিত্র রমজান শুরু কবে, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৩:৪৫
অ- অ+

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হতে পারে। সেই হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। খবর গালফ নিউজের।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে সোমবার (১২ অক্টোবর) থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। তবে ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই মাস শুরুর বিষয়টি নিশ্চিত হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে হিসাবে ঈদুল ফিতর আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার উদযাপিত হতে পারে।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম বৈশিষ্ট্য হলো, চাঁদের স্বাভাবিক আকৃতির পরিবর্তন পর্যবেক্ষণ করেই মাস গণনা করা যায়। এ জন্য বিশেষ যন্ত্রপাতি বা জটিল গাণিতিক হিসাবের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না।

এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। সংস্থাটির মতে, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। তবে সূর্যাস্তের আগে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।

শারজাহ সেন্টারের তথ্য অনুযায়ী, যেসব দেশ বা অঞ্চল ইসলামি মাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে প্রাধান্য দেয়, সেসব স্থানে সোমবার (১২ অক্টোবর) থেকে নতুন মাস গণনা শুরু হতে পারে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে অথবা সাধারণ অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখা বাধ্যতামূলক বলে বিবেচিত হয়, সেখানে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৮টা ৪৭ মিনিটে শারজাহ অঞ্চলে চাঁদের কেন্দ্রিক সংযোগ সম্পন্ন হয়েছে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দেওয়া এসব তারিখ সম্ভাব্য। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পথচারীকে ছুরিকাঘাতের চেষ্টা, ছোরা ঢুকে যায় সহযোগীর বুকে, ৪৩ দিন পর গ্রেপ্তার ২
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, পঞ্চগড় কারাগারের সাবেক জেলার বরখাস্ত
প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও
হুথি হামলার জেরে সৌদিতে ফ্লাইট বিপর্যয়, জেদ্দায় আটকা ঢাকাগামী বিমানের যাত্রীরা