দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও গুজব প্রতিরোধে গুরুত্ব ঢাকা রেঞ্জ ডিআইজির

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুজব ও অপতথ্য প্রতিরোধে গুরুত্ব দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) বিকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ স্থানে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত টহল পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা, গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা রেঞ্জের ১৩ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন ডিআইজি। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী এবং পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবাসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













