সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মো. সজিব (২৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী আল আমিন মুঠোফোনে সজিবের নিহতের বিষয়টি দেশে থাকা পরিবারকে নিশ্চিত করেন। নিহতের খরব বাগড়া গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের বাবা-মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দূর করতে ও ভবিষ্যৎ সচ্ছলতার আশায় বুক বেধে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সজিব। কিন্তু আকস্মিক এই হামলায় তার অকাল মৃত্যুতে পরিবারের একমাত্র আশা-ভরসার আলো নিভে গেল। সজিবের মরদেহ দ্রুত নিজ দেশে ফিরিয়ে এনে দাফন নিশ্চিত করতে সরকারের কাছে জোর আকুতি জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন জানান, সজিবের এই মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনার। শোকসন্তপ্ত পরিবারটিকে আমরা সমবেদনা জানাচ্ছি। সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













