বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে পৌঁছান। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।
চারা রোপণের সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের আবাসন, নগরায়ণ, পরিকল্পিত বসতি এবং টেকসই নগর উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ এবং সবার জন্য টেকসই বসতি গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
(ঢাকাটাইমস/৫ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













