ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলা, বিএনপি নেতা কারাগারে

সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ইমরুল কায়েস সুমন। শুনানি শেষে বিচারক শাহিন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার দায়ের করা ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলার (জিআর-২০৩/১৯) অন্যতম প্রধান আসামি ইমরুল কায়েস সুমন। জামিন আবেদন খারিজের পর পুলিশি নিরাপত্তায় তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সুবিধার বিপরীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের পর সুমন সপরিবারে আত্মগোপন করেন বলে অভিযোগ রয়েছে। পরে ২০১৯ সালের ১১ এপ্রিল সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটির তদন্তকালে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশের তথ্য সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের জুনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। তাদের বিরুদ্ধে সুমনকে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে পর্যাপ্ত জামানত ছাড়াই সুমনকে ওভারড্রাফট ও ঋণ সুবিধা দেওয়া হয়েছিল।
এদিকে ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত সুমনকে সম্প্রতি ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব পদে মনোনীত করা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিচারাধীন মামলার আসামিকে গুরুত্বপূর্ণ দলীয় পদ দেওয়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রবিবার তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর খবরে ঈশ্বরদী ও পাবনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










