ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৫৫) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক উপসহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ৩০ এপ্রিল র‍্যাবে যোগ দেন তিনি। চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এসআরবির একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে থামে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তার কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এসআরবি সদস্য শরীফ বলেন, চেকপোস্টে ১৫ থেকে ১৬ জন সদস্য ছিলেন। আলমগীর হোসেন সড়কের পাশেই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের এক পাশে গিয়ে থামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, রাত ১টার দিকে এসআরবির ওই কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, চেকপোস্টে তিনিও দায়িত্বে ছিলেন। আলমগীর হোসেন তার কিছুটা দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সহকর্মীর মৃত্যুতে তারা শোকাহত।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক সজীব (৩০) আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত এসআরবি কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা