আবাসন সংকটে উত্তাল স্পেন, রাজপথে লাখো মানুষের ঢল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৭| আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৮
অ- অ+

আবাসন সংকটের প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। বিক্ষোভে ভাড়া কমানো, ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভের আয়োজকদের দাবি, মাদ্রিদে প্রায় পাঁচ লাখ মানুষ এতে অংশ নেন। তবে দেশটির কর্তৃপক্ষের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। বিক্ষোভকারীরা ভাড়াব্যবস্থার পরিবর্তন এবং আবাসন সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভ বেশির ভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও মাদ্রিদে একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশি ব্যারিকেড সরিয়ে কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী একটি ভবনের ওপরের অংশে উঠে যান।

মাদ্রিদের জনপ্রিয় পর্যটন এলাকা পুয়ের্তা দেল সোলেও প্রায় এক সপ্তাহ ধরে আবাসন আন্দোলনের কর্মীরা অবস্থান করছেন। শনিবার সেখানে ছিল অবস্থানের সপ্তম রাত। আয়োজকদের হিসাবে, ওই কর্মসূচিতে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

আবাসন আন্দোলনের সমন্বয় করছে টেন্যান্টস ইউনিয়ন। সংগঠনটি ভাড়া ৫০ শতাংশ কমানো, অনির্দিষ্ট মেয়াদের ভাড়াচুক্তি চালু এবং বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাড়ি অধিগ্রহণের দাবি জানিয়েছে।

টেন্যান্টস ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, সাধারণ মানুষ যা চায় এবং রাজনৈতিক দলগুলো সংসদে যে সিদ্ধান্ত নেয়, তার মধ্যে বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।

মাদ্রিদের পাশাপাশি ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, সান সেবাস্টিয়ান, কাদিজ, লাস পালমাস দে গ্রান কানারিয়াসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীরা একটি আবাসন বিনিয়োগ সম্মেলনের দিকে মিছিল করেন। সেখানে পুলিশের বাধা ভেঙে কয়েকজন কর্মকর্তা লক্ষ্য করে বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যেই শুক্রবার স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসনবিষয়ক প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদারের লক্ষ্যে প্রস্তাব দুটি আনা হয়েছিল।

প্রথম প্রস্তাবটি ১৭২ ভোটের বিপরীতে ১৭৮ ভোটে এবং দ্বিতীয়টি ১৬৬ ভোটের বিপরীতে ১৮৪ ভোটে প্রত্যাখ্যাত হয়। বিরোধী পিপলস পার্টি, ভক্স ও ইউপিএন প্রস্তাবগুলোর বিরুদ্ধে ভোট দেয়। আর জুনৎস ভোটদানে বিরত থাকে।

প্রস্তাব দুটি প্রত্যাখ্যাত হওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তিনি আগাম নির্বাচন দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিরোধীরাও নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।

তবে জুনৎস সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। দলটির নেতারা প্রস্তাবগুলোকে দুর্বলভাবে তৈরি আইন হিসেবে সমালোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুনৎসের দেওয়া প্রস্তাবগুলো ইতোমধ্যে খসড়ায় যুক্ত করা হয়েছে।

আবাসনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ বিক্ষোভ ও উচ্ছেদের জন্য বিরোধী নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো, ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল ও জুনৎস নেত্রী মিরিয়াম নোগেরাসকে দায়ী করেছেন। তবে ফেইহো সরকারের সমালোচনা করে বাজেটসংক্রান্ত সমাধানের দাবি জানিয়েছেন।

আবাসন সংকট নিয়ে সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার বাসা থেকে উচ্ছেদের পর। প্রায় ৭০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন তিনি। তাকে স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে নেওয়ার ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আবাসন অধিকারকর্মীদের দাবি, একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাড়িটি কিনে নিয়ে তার ভাড়া ২৭৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে নতুন মালিকপক্ষ তাকে কম ভাড়ায় আবার ওই বাড়িতে ফেরার সুযোগ দিতে রাজি হয়।

টেন্যান্টস ইউনিয়ন জানিয়েছে, আবাসন সংকট সমাধানে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার বিষয়েও আলোচনা করছে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা
ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত