রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৪৯| আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৫০
অ- অ+

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে রেকর্ড ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে প্রথম ইউনিটে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিটে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম।

তিনি বলেন, দুই ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। ত্রুটি মেরামতের পর ইউনিটটি আবার চালু হয়েছে। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের নির্মাণকাজ শুরু হয়।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে যায়। পরের বছর ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী
রবিবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪