গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল তিন মাসের মধ্যে যাচ্ছে কেরানীগঞ্জে: ডিএমপি কমিশনার

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দ করা জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।
তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। তাই আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়া হবে। সেখানে টার্মিনাল ও ডিপো আলাদা রাখার ব্যবস্থা করা হবে।
এদিন বাস মালিক সমিতির নেতারা মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ করা জায়গা পরিদর্শন করেন। সেখানে প্রায় ৮০টি বাস রাখার মতো জায়গা তাদের বুঝিয়ে দেওয়া হয়।
এদিকে মিরপুরে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বাস টার্মিনালগুলোতে যানজট কমাতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













