ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭
অ- অ+

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে যায়।

পুলিশ জানায়, সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন।

পরে ওই ব্যক্তিদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে কাইয়ুম শাহরিয়ার জাহেদী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি নিয়ে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে যা করবেন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২, মামলা ৫০