সাগরে ঝুঁকিপূর্ণ বোট থেকে ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার, ১১ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৫:০০
অ- অ+

সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী এবং ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে ভাসমান অবস্থায় বোটটি দেখতে পায় মাছ ধরার ট্রলার এফভি ক্রিস্টাল-১। বোটে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

পরে নিয়মিত টহলে থাকা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে বোটটি উদ্ধার করে।

নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে বোটটিতে পানি ঢুকে পড়লে নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। বাকি ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতারণার শিকার এসব ব্যক্তির অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাঁদের বোটে তোলা হয়।

উদ্ধারের পর ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তাও দেওয়া হয়। অন্যদিকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত ১১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে তিনি বলেন, গভীর সাগর থেকে উদ্ধার করা ব্যক্তি ও আটক ব্যক্তিদের থানায় আনা হচ্ছে। তবে তখনও তাঁরা থানায় এসে পৌঁছাননি।

বাংলাদেশের সমুদ্রসীমায় মানবপাচার, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ বছর পর ইরাক ছাড়ল যুক্তরাষ্ট্র, সামনে বড় চ্যালেঞ্জ
শাহজালাল ১ কেজির বেশি স্বর্ণসহ বিমানকর্মী আটক
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
রাবির ৩ শিক্ষক পাচ্ছেন সরকারের গুণী শিক্ষক সম্মাননা