আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিরোদী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ফেসবুক পোস্টে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি চেয়ে তিনি লিখেন, 'বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
তিনি লিখেন, 'বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।
অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেফতার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোন অবস্থাতেই মেনে নেবেন না।'
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













