শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৯:১০
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা এ অভিযান চালান।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়ে যাত্রীদের ব্যাগেজে নজরদারি করা হয়। এ সময় শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল-১৮৯ ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মোহাম্মদ রোবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট পাওয়া যায়।

এ ছাড়া মিসেস রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়।

অন্যদিকে ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসাইনের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস কর্মকর্তারা বলেন, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চীফ হুইপ
তৃণমূলে শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মীর শাহে আলমের
ঢাকা রেঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত
গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান