হাসিনার নামে মামলা করায় বরখাস্তের ১৫ বছর পর চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২১:০৩
অ- অ+

শেখ হাসিনা নামে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। ফৌজদারি মামলায় গ্রেফতার ও সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ১৫ বছর পর এই কর্মকর্তা চাকরি ফিরে পেলেন।

শাব্বির হাসানের বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করে গত ৩০ সেপ্টেম্বর পুনর্বহালের অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ওইদিনই আদেশটি কার্যকর করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে বেকসুর খালাস পাওয়ার পর শাব্বির হাসানের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দিয়েছে কমিশন। একই সঙ্গে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথক আরেকটি মামলায় আদালতে খালাস পাওয়ার পর দুদকের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মো. আবু ইউসুফ শাহকেও চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

সংশ্লিষ্ট অফিস আদেশের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং কমিশনের হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় শাব্বির হাসানের (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে করা বিভাগীয় মামলার দায় থেকে তাকে অব্যাহতি দিয়ে কমিশনের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, শাব্বির হাসানের সাময়িক বরখাস্তের সময় কর্মকাল হিসেবে গণ্য হবে।

দুদক সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬-৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জমাউন্টেড (ভাসমান) বিদ্যুকেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলা করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক শাব্বির হাসান। এ মামলায় তিনি শেখ হাসিনা ছাড়াও তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক ইলাহী চৌধুরী, পিডিবির তৎকালীন চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করেছিলেন।

২০১১ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানায় করা একটি ফৌজদারি মামলায় র‌্যাব দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক শাব্বির হাসানকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে ওই বছরের ২৬ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই বছর তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়।

ওই বিভাগীয় মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় শাব্বির হাসানকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ শাস্তি কার্যকর স্থগিত রাখা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত ২০২৬ সালের ২১ মে তাকে বেকসুর খালাস দেন।

আদালতের এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল না করার সিদ্ধান্ত নেয় বর্তমান দুদক কমিশন। পরবর্তী সময়ে আদালতের রায়, আপিল না করার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় শাব্বির হাসানের বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: কৃষিমন্ত্রী
৫০ শয্যার হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী