এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আজ শনিবার বিকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নির্বাচিত শ্রেণিশিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা মাধ্যমের দুজন ও ইংরেজি ভার্সনের দুজন কৃতী শিক্ষার্থী তাদের সাফল্যের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ স্বপ্নের কথাও জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। অর্জিত জ্ঞানকে চরিত্রে, সাফল্যকে দায়িত্ববোধে এবং মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জিপিএ-৫ অর্জন জীবনের একটি মাইলফলক; তবে প্রকৃত সাফল্যের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল লালনকন্যা বিউটির পরিবেশনা। তার পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













