তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার বিকাল পৌনে তিনটার দিকে ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না।
আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













