সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২০:২৮
অ- অ+

কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ খাই, মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী চলমান কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য পৃথিবীর অন্যতম সেরা ও উর্বর একটি স্থান। এখানকার মতো মাটি, বাতাস, আলো ও বৃষ্টি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এবং এদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। কিন্তু ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশকের (পেস্টিসাইড) ব্যবহারের কারণে আজ দেশের বহু মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, যার একটি বড় অংশই কৃষক- এমনটাই বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে। আগামীর প্রজন্মকে বাঁচাতে এবং নিজেদের সুস্থ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর জোর দিতে হবে। পৃথিবীতে খাবারের অভাব না থাকলেও ‘সেফ ফুড’ বা নিরাপদ খাদ্যের মারাত্মক ঘাটতি রয়েছে।

কৃষি পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, বর্তমান সরকার কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশ একদিন পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে। তবে দুঃখের বিষয় হলো, এখনো আমাদের কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়।

তবে সে দিন বেশি দূরে নয়, যেদিন এসব পণ্য আর আমদানি করতে হবে না, বরং আমরাই তা রপ্তানি করব, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিনে বাড়ি গিয়ে মা-বাবাকে মাঠে সহযোগিতা করছে এই দৃশ্য তাঁকে দারুণভাবে আশাবাদী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। মূল প্রবন্ধ (কি নোট পেপার) উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।

(ঢাকা টাইমস/৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
৫০ শয্যার হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নবগঙ্গা নদী রক্ষায় কচুরিপানা পরিষ্কার করলেন বিএনপি নেতা মজিদ 
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে