টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইয়ের সময় এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকার শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজীব হোসেন (৩২) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা মিন্টু নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন রাজীব। মহাসড়কের ওই এলাকায় ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারী দলের সদস্য মিন্টুকে আটক করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দলের আরও তিন থেকে চারজন সদস্য পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুককে আটক করে।
আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক দুজন ও ট্রাকটি থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












