খড়ের স্তূপ থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে গ্রামের বাসিন্দা মো. কালামের বাড়ির সামনে রক্ষিত খড়ের স্তূপের নিচে একটি সন্দেহভাজন কালো রঙের বালতি দেখতে পাওয়া যায়। বালতির ভেতরে ককটেল সদৃশ বস্তু দৃশ্যমান থাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দ্রুত শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।
পরে শিবগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ টহল দল তল্লাশি চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধার বস্তুগুলো নিষ্ক্রিয়করণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










